Logo

১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

যেসব অধিকার আপনার

যেসব অধিকার আপনার

শুভ সকাল

যেসব অধিকার আপনার

Icon

বাহাউদ্দিন আল ইমরান

প্রকাশ: ১১ মে ২০২৬, ০২:১৬ পিএম

রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেক মানুষের কিছু মৌলিক অধিকার রয়েছে, যা বাংলাদেশের সংবিধানে নিশ্চিত করা হয়েছে। সংবিধানের তৃতীয় ভাগে এসব অধিকার সম্পর্কে বিস্তারিত বলা আছে। সেখানে উল্লেখ করা হয়েছে, মৌলিক অধিকারের পরিপন্থী কোনো আইন করা যাবে না।

আইনের দৃষ্টিতে সমতা
আইনের চোখে সব নাগরিক সমান। ধর্ম, বর্ণ, লিঙ্গ, পেশা বা বাসস্থানের কারণে কারও প্রতি বৈষম্য করা যাবে না। চাকরি ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার ক্ষেত্রেও সবাই সমান অধিকার পাবেন।

জীবন ও স্বাধীনতার অধিকার
আইন ছাড়া কাউকে জীবন বা ব্যক্তিস্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। কাউকে গ্রেপ্তার করা হলে তার কারণ জানাতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে।

বিচার পাওয়ার অধিকার
প্রত্যেক নাগরিকের স্বাধীন ও নিরপেক্ষ বিচারের অধিকার রয়েছে। একই অপরাধে কাউকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। কাউকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতেও বাধ্য করা যাবে না। নিষ্ঠুর বা অমানবিক শাস্তি নিষিদ্ধ।

চলাফেরা ও মতপ্রকাশের স্বাধীনতা
নাগরিকেরা দেশের যেকোনো স্থানে চলাফেরা ও বসবাস করতে পারবেন। চিন্তা, বিবেক ও বাক্‌স্বাধীনতাও মৌলিক অধিকার। তবে জনস্বার্থ ও আইনশৃঙ্খলার কারণে যুক্তিসংগত সীমাবদ্ধতা থাকতে পারে।

পেশা ও ধর্ম পালনের অধিকার
প্রত্যেক নাগরিক আইনসঙ্গত যেকোনো পেশা বেছে নিতে পারবেন। একই সঙ্গে নিজ নিজ ধর্ম পালনেও স্বাধীনতা রয়েছে।

গৃহ ও সম্পত্তির অধিকার
আইনের সীমার মধ্যে থেকে প্রত্যেকে সম্পত্তি অর্জন, ভোগ ও হস্তান্তর করতে পারবেন। গৃহের নিরাপত্তা এবং ব্যক্তিগত যোগাযোগের গোপনীয়তাও সংবিধান স্বীকৃত অধিকার।

অধিকার লঙ্ঘিত হলে করণীয়
কেউ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন করতে পারেন।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট

মন্তব্য করুন

Logo