Logo

১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

স্টারলিংক-কে আনফিল্টারড ডেটা ট্রানজিট সুবিধা প্রদান

স্টারলিংক-কে আনফিল্টারড ডেটা ট্রানজিট সুবিধা প্রদান কি বিপদও ডেকে আনতে পারে?

মত-দ্বিমত

বাকস্বাধীনতা, নিরাপত্তা ও নৈতিক দায়বদ্ধতা

স্টারলিংক-কে আনফিল্টারড ডেটা ট্রানজিট সুবিধা প্রদান

সৈয়দ আলমাস কবীর

Icon

সৈয়দ আলমাস কবীর

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:৪৫ এএম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি স্টারলিংক-কে দেশে আনফিল্টারড ডেটা ট্রানজিট সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই নীতিগত পরিবর্তনকে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোতে একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। স্যাটেলাইট ইন্টারনেটের মাধ্যমে উচ্চগতির, নিরবচ্ছিন্ন এবং আন্তর্জাতিক মানের সংযোগ নিশ্চিত করার ক্ষেত্রে এটি নিঃসন্দেহে একটি অগ্রগতি। কিন্তু, এর সামাজিক, নৈতিক এবং রাজনৈতিক প্রভাব নিয়ে গভীর আলোচনার অবকাশ রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন -- একটি দেশ ‘আনফিল্টারড’ ডেটা ব্যবহারে কতটা প্রস্তুত, এবং কোন কোন পর্যায়ে এর নিয়ন্ত্রণ প্রয়োজন?
বাংলাদেশের মতো একটি সমাজে, যেখানে ডিজিটাল সাক্ষরতা অসম, রাজনৈতিক উত্তেজনা প্রবল, এবং সামাজিক কাঠামো এখনও রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, সেখানে এই প্রশ্নটি আরও জটিল হয়ে ওঠে। ইন্টারনেট স্বাধীনতা যেমন গণতন্ত্রের একটি মৌলিক উপাদান, তেমনি অনিয়ন্ত্রিত তথ্যপ্রবাহ কখনো কখনো সামাজিক অস্থিরতা, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। 
প্রথমত, আনফিল্টারড ডেটা প্রযুক্তিগত স্বাধীনতার প্রতীক। এটি গবেষণা, শিক্ষা, উদ্ভাবন এবং ব্যবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করে তোলে। বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম, আইটি সেক্টর, বিপিও ও রিমোট ওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং, AI এবং IoT–এর মতো খাতগুলো এই স্বাধীনতার মাধ্যমে নতুন সম্ভাবনার মুখোমুখি হবে। একই সাথে আন্তর্জাতিক মানের ইন্টারনেট সংযোগ বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের আকর্ষণ বাড়াবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছিয়ে দিলে তা ডিজিটাল বিভাজন কমাতেও সাহায্য করবে। দুর্যোগকালে যোগাযোগ-ব্যবস্থা সচল রাখার ক্ষেত্রেও স্যাটেলাইট ইন্টারনেট একটি বড় ভূমিকা রাখতে পারে।
কিন্তু, প্রযুক্তিগত স্বাধীনতার এই উজ্জ্বল দিকের পাশাপাশি রয়েছে অন্ধকার বাস্তবতা। বাংলাদেশে সামাজিক যোগাযোগ-মাধ্যমে গুজব ছড়িয়ে সহিংসতা ঘটার নজির বহুবার দেখা গেছে। ফিল্টারবিহীন ডেটা মানে বিদেশি সার্ভার থেকে আসা ভুয়া তথ্য আরও দ্রুত ছড়াবে। এর ফলে রাজনৈতিক অপপ্রচার, সাম্প্রদায়িক উত্তেজনা, এবং সামাজিক বিভাজন আরও তীব্র হতে পারে। সাধারণ জনগণের ডিজিটাল সাক্ষরতার অভাব এই ঝুঁকিকে আরও বাড়িয়ে দেয়। একটি সমাজ যত কম সচেতন, তত বেশি সে গুজবের শিকার হয়।
এছাড়া পর্নোগ্রাফি, অনলাইন জুয়া, সাইবার বুলিং, এবং অনলাইন প্রতারণার মতো সমস্যাগুলো ইতিমধ্যেই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। ফিল্টারবিহীন ডেটা এই সমস্যাগুলোকে আরও বিস্তৃত করতে পারে। বিশেষ করে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য, আচরণগত পরিবর্তন এবং সামাজিক মূল্যবোধের ওপর এর প্রভাব গভীর হতে পারে। রাষ্ট্র যদি এই ক্ষেত্রে সম্পূর্ণ হাত গুটিয়ে নেয়, তবে সমাজের নৈতিক কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও ঝুঁকি কম নয়। আনফিল্টারড ডেটা বিদেশি সাইবার আক্রমণের ঝুঁকি বাড়ায়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোতে অননুমোদিত অনুপ্রবেশ, ব্যক্তিগত ডেটা বিদেশে চলে যাওয়া, এবং আর্থিক প্রতারণার মতো সমস্যা আরও জটিল হয়ে উঠতে পারে। বাংলাদেশের সাইবার নিরাপত্তা কাঠামো এখনও উন্নয়নশীল। তাই এই ঝুঁকি বাস্তব এবং বেশ তাৎপর্যপূর্ণ।
এই প্রেক্ষাপটে একটি মৌলিক প্রশ্ন সামনে আসে -- রাষ্ট্র কি আমাদের নৈতিক অভিভাবক হবে, নাকি নাগরিকরা নিজেরাই সচেতন হবে? রাষ্ট্র যদি অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করে, তবে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে। রাজনৈতিক ভিন্নমত দমন হতে পারে। এতে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হবে। রাষ্ট্রীয় সেন্সরশিপের নামে নৈতিকতার দোহাই দিয়ে যদি ব্যক্তিগত স্বাধীনতা সীমাবদ্ধ করা হয়, তবে তা’ দেশকে একটি ‘পুলিশি রাষ্ট্রে’ পরিনত করতে পারে। বাংলাদেশ কখনোই এমন একটি রাষ্ট্র হতে চায় না, যেখানে সরকার নাগরিকদের নৈতিকতা নির্ধারণ করবে।
অন্যদিকে রাষ্ট্র যদি সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন পরিবেশ তৈরি করে, তবে গুজব, পর্নোগ্রাফি, জুয়া, সাইবার অপরাধ সবই বাড়বে। শিশু-কিশোরদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। সামাজিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হবে। তাই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত স্বাধীনতার মধ্যে একটি ভারসাম্য খুঁজে পাওয়া জরুরি। এই ভারসাম্যই একটি আধুনিক, গণতান্ত্রিক এবং প্রযুক্তিনির্ভর রাষ্ট্রের ভিত্তি।
এই ভারসাম্য অর্জনের জন্য রাষ্ট্রের ভূমিকা হতে হবে নীতিনির্ভর, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর। রাষ্ট্রের কাজ নাগরিককে শাসন করা নয়, সুরক্ষা দেওয়া। তাই রাষ্ট্রের উচিত ডেটা সুরক্ষা আইন শক্তিশালী করা, সাইবার নিরাপত্তা অবকাঠামো উন্নত করা, স্বাধীন ডেটা রেগুলেটরি কমিশন গঠন করা, এবং অতিরিক্ত সেন্সরশিপ এড়ানো। রাজনৈতিক উদ্দেশ্যে ইন্টারনেট নিয়ন্ত্রণ করা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। কিন্তু শিশু সুরক্ষা, সাইবার অপরাধ দমন, এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব অস্বীকার করা যায় না।
সমাজেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবারে ডিজিটাল সচেতনতা বাড়ানো, স্কুলে সাইবার নিরাপত্তা শিক্ষা অন্তর্ভুক্ত করা, এবং সামাজিক সংগঠনের মাধ্যমে নৈতিকতা ও দায়িত্ববোধ জাগানো জরুরি। নাগরিকদেরও সচেতনতা, ভুয়া খবর যাচাই, এবং অনলাইন আচরণে দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে। ইন্টারনেট স্বাধীনতা তখনই টেকসই হয় যখন নাগরিকরা সচেতন হতে পারে। 
স্টারলিংক ও আনফিল্টারড ডেটা বাংলাদেশের জন্য তিনটি বার্তা বহন করে। প্রথমত, প্রযুক্তিগত আধুনিকায়ন অনিবার্য। বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ পিছিয়ে থাকতে পারে না। দ্বিতীয়ত, নিয়ন্ত্রণের ধরন বদলাতে হবে। পুরনো ধাঁচের সেন্সরশিপের বদলে স্মার্ট রেগুলেশন, ডেটা সুরক্ষা, এবং প্রযুক্তিনির্ভর ঝুঁকি ব্যবস্থাপনা দরকার। তৃতীয়ত, নাগরিকের স্বাধীনতা রক্ষা করতে হবে। ইন্টারনেট স্বাধীনতা গণতন্ত্রের অংশ, এবং এটি রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।
উপসংহারে বলা যায়, বাংলাদেশে আনফিল্টারড ডেটা চালুর সিদ্ধান্ত একদিকে যেমন প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক, অন্যদিকে এটি সামাজিক ও নৈতিক চ্যালেঞ্জও তৈরি করে। আমরা ইন্টারনেট সেন্সরশিপ চাই না; কারণ তা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর। কিন্তু একই সঙ্গে গুজব, পর্নোগ্রাফি, জুয়া, সাইবার অপরাধের মত বিষয়গুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। এর একমাত্র সমাধান হলো ভারসাম্যপূর্ণ নীতিমালা। ডেটা সুরক্ষা আইন শক্তিশালী করা, সাইবার নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন, শিশু সুরক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ, ভুয়া খবর শনাক্তে প্রযুক্তির ব্যবহার, এবং ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি -- এই পথে এগোলেই বাংলাদেশ একটি নিরাপদ, স্বাধীন এবং আধুনিক ডিজিটাল রাষ্ট্রে পরিণত হতে পারে।

সৈয়দ আলমাস কবীর
চেয়ারম্যান, বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন নেটওয়ার্ক এবং সাবেক সভাপতি, বেসিস

মন্তব্য করুন

Logo