এভারেস্ট চূড়ায় বাংলাদেশের তৃতীয় নারী
কাভার স্টোরি ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৪:৪৪ পিএম
তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করলো নুরুননাহার নিম্নি। এর মধ্যে দিয়ে বুধবার পর্বতারোহণ ইতিহাসে এক নতুন অধ্যায়ের জন্ম দিয়েছেন তিনি। ১৪ বছর পর প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন।
কাঠমান্ডুভিত্তিক অভিযাত্রী সংস্থা ‘এইটকে এক্সপেডিশনস’-এর চেয়ারম্যান পেম্বা শেরপার তথ্য অনুযায়ী, বুধবার ভোর ৫টা ২৪ মিনিটে নিম্নি ৮ হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার উচ্চতার এভারেস্ট চূড়ায় পৌঁছান।
এর মাধ্যমে ১৪ বছরের অপেক্ষার অবসান হলো। এর আগে ২০১২ সালে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীন এক সপ্তাহের ব্যবধানে এভারেস্ট জয় করে ইতিহাস গড়েছিলেন। নিম্নি এখন এভারেস্টজয়ী তৃতীয় বাংলাদেশি নারী।
রংপুরের মেয়ে নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভূতত্ত্বে স্নাতক সম্পন্ন করেন। ২০০৬ সালে শিক্ষাসফরে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার পর থেকেই তার পাহাড়ের প্রতি গভীর আগ্রহ তৈরি হয়। এরপর দীর্ঘ প্রস্তুতির পথে তিনি ভুটান, সিকিম ও নেপালের বিভিন্ন শৃঙ্গ জয় করেন। বিশেষ করে ২০২৫ সালে নেপালের ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমাল আরোহন তাকে এভারেস্ট অভিযানের জন্য আত্মবিশ্বাস জুগিয়েছিল।
বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) আয়োজিত এবং পূবালী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ অভিযান শুরু হয় গত ১১ এপ্রিল। প্রায় ৫০ দিনের এই অভিযানে তিনি নেপাল হয়ে দক্ষিণ দিকের রুট ব্যবহার করেন।
এভারেস্ট জয়ের লক্ষ্যে নিম্নি কঠোর অনুশীলন করেছেন। প্রতিদিন ভোর ৫টায় দিন শুরু করতেন তিনি। পূর্ণ কর্মদিবসের পাশাপাশি নিয়মিত জিমে অনুশীলনের মাধ্যমে নিজেকে সর্বোচ্চ ফিট রেখেছেন। ২০২২ সাল থেকেই তিনি এভারেস্ট অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন, যার অংশ হিসেবে দার্জিলিংয়ে পেশাদার প্রশিক্ষণও নিয়েছেন।
মন্তব্য করুন

