Logo

১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

×

Follow Us

গাবতলি হাটে ডোনাল্ড ট্রাম্প— দ্য প্রেসিডেন্ট!

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স, টেলিগ্রাফ, এএফপি, আরটি, টাইমস অব ইন্ডিয়া এই ‘ট্রাম্পকে’ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। ছবি: সংগৃহীত

খোঁজ-খবর

গাবতলি হাটে ডোনাল্ড ট্রাম্প— দ্য প্রেসিডেন্ট!

Icon

সজল শহীদ

প্রকাশ: ২৪ মে ২০২৬, ১১:২১ এএম

কোরবানির হাটে প্রতিবছরই কিছু গরু-ছাগল তারকা হয়ে ওঠে। কখনও বিশাল আকৃতি, কখনও অদ্ভুত নাম, কখনও আবার মালিকের অভিনব প্রচারণা—সব মিলিয়ে তারা হয়ে যায় ‘সেলিব্রিটি’। সেটা হতে পারে গরু কখনোবা ছাগল। তবে এবার সব কিছুকে ছাড়িয়ে গেছে গোলাপী রঙের একটি মহিষ। মহিষটির দাপটে এখন সামাজিক মাধ্যমগুলো রীতিমতো কাঁপাচ্ছে। সেটা শুধু বড় বা দামি বলেই নয়, তার আলোচনায় আসার মূল কারণ তার চেহারা এবং সেই চেহারার সঙ্গে মিল রেখে মহিষটির মালিকে রাখা নাম—মিস্টার ট্রাম্প!
হ্যাঁ, ঠিকই পড়ছেন। যুক্তরাষ্ট্রের আলোচিত প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের নাম অনুসারে রাখা হয়েছে এই মহিষের নাম। আর মজার বিষয় হলো, মালিকের দবি এবং সেই সঙ্গে প্রত্যক্ষদর্শী আরও অনেকের দাবি—মহিষটির মুখাবয়ব, চুলের ডং, এমনকি হাঁটার স্টাইলেও নাকি ‘ট্রাম্পীয় ভাইব’ আছে! মহিষটিকে নিয়ে আন্তর্জতিক একাধিক সংবাদ মাধ্যমে খবরও প্রকাশ পেয়েছে। তাইতো ‘ট্রাম্প’ এখন ঈদুল আজহার আর দশটা কোরবানির একটা কোরবানি নয়, রীতিমতো ‘আন্তর্জাতিক সেলিব্রেটি’ কোরবানি। 

ঢাকার গাবতলী থেকে শুরু করে দেশের বিভিন্ন কোরবানির হাটে মানুষ সাধারণত পশুর ওজন, স্বাস্থ্য আর দাম নিয়ে কথা বলে। কিন্তু ‘ট্রাম্প’কে ঘিরে আলোচনা অন্য মাত্রা পেয়েছে। কেউ সেলফি তুলছে, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ আবার দাঁড়িয়ে বিশ্লেষণ করছে—‘মুখটা একটু মিল আছে, না?’
একজন দর্শনার্থী মজা করে বলছিলেন, ‘এই মহিষের সামনে দাঁড়ালে মনে হয় প্রেস কনফারেন্স শুরু হবে!’
আরেকজনের মন্তব্য, ‘এখন শুধু একটা লাল টাই পরিয়ে দিলেই হয়!’

ফেসবুক, এক্স, টিকটক, ইউটিউব—সবখানেই ‘ট্রাম্প’ এখন আলোচনায়। কেউ তার ছবি দিয়ে মিম বানাচ্ছে, কেউ আবার লিখেছে—‘মেইড ইন বাংলাদেশ, ইনস্পায়ার্ড বাই আমেরিকা!’
আবার কেউ বলছে, ‘বিশ্ব রাজনীতির উত্তাপ এবার কোরবানির হাটেও পৌঁছে গেছে।’
রাশিয়ার ইরানি দূতাবাস আরেক কাঠি সরেস। তাদের এক্স অ্যাকাউন্টে মহিষটির ভিডিও শেয়ার করে লিখেছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটি বিরক্ত।’
বাঙালির রসবোধ যে চিরকালই ভিন্ন লেবেলে, ‘ট্রাম্প’ তার আরেকটি প্রমাণ। এখানে মানুষ রাজনীতি, সংস্কৃতি আর হাস্যরস—সবকিছু একসঙ্গে মিশিয়ে ফেলতে পারে অনায়াসে।

ঘটনাটি শুধু সামাজিক মাধ্যমেই সীমাবদ্ধ থাকেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমও বিষয়টি নিয়ে আগ্রহ দেখিয়েছে। রয়টাস, টেলিগ্রাফ, এএফপি, আরটি, টাইমস অব ইন্ডিয়া বা জি-নিউজের মতো সংবাদমাধ্যমও নারায়ণগঞ্জে জিয়া উদ্দিন মৃধার খামারে বেড়ে ওঠা ৭০০ কেজি ওজনের অ্যালবিনো জাতের ট্রাম্পকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করতে ‘বাধ্য’ হয়েছে। কোরবানির হাটও যে এমন সৃজনশীলতা আর রসবোধ ছড়াতে পারে, সেটা নিয়ে বিদেশিরা বিস্মিত!

বাংলাদেশের কোরবানির হাটে পশুর নামকরণ এখন এক ধরনের শিল্প। ‘বাহুবলী’, ‘সুলতান’, ‘বাদশা’, ‘মেসি’, ‘রোনালদো’—এসব নাম তো আগেও ছিল। এবার সেই তালিকায় যোগ হলো ‘ট্রাম্প’। এর মধ্যে যুক্ত হয়েছে রাজধানীর গুলশানের রাস্তায় মার্কিন রাষ্ট্রদূতের তাদের পতাকাবাহী ৫০ রিক্সার ‘প্যারেড’। যার নেতৃত্ব ব্রেন্ট টি ক্রিস্টেনসেন নিজেই দিয়েছেন। আর সেই সূত্র ধরে দুর্জনেরা বলছেন, ‘বাহুবলী-সুলতানের দিন শেষ, ট্রাম্পের বাংলাদেশ।’ 
তবে, এইসব নাম শুধু বিনোদনই দেয় না, বিক্রিতেও প্রভাব ফেলে। বাঙালি শুধু কোরবানি কিনতে হাটে যায় না, তার সঙ্গে একটা গল্পও কিনতে চায়। আর ট্রাম্পের গল্পে আছে রাজনীতি, আন্তর্জাতিকতা, হাস্যরস আর ভাইরাল সংস্কৃতির এক অদ্ভুত মিশেল—সেলিব্রেটি না হয়ে উপায় আছে! 
সে হয়তো কথা বলতে পারে না, কিন্তু তাকে ঘিরে মানুষের হাসি, বিস্ময় আর গল্প—ইতোমধ্যেই তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। কে জানে, কয়েকদিন পর হয়তো কেউ বলবে—‘হোয়াইট হাউসের ট্রাম্পকে ভুলে গেছি, কিন্তু গাবতলি হাটের ‘ট্রাম্প’কে ভুলিনি!’

কোরবানির হাট বিশেষ করে আমাদের মতো দেশে, সেটা শুধু বেচাকেনার জায়গা নয়; এটা এক বিশাল সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ। এখানে যেমন দরদাম হয়, তেমনি চলে গল্প, ঠাট্টা, প্রতিযোগিতা আর সৃজনশীলতার চর্চা। তাইতো করোনার সময় কোরবানির অনলাইন বাজার চাঙ্গা হলেও করোনাকে বিদায় করতেই আবারও কোরবানির হাট চাঙ্গা। অনলাইন হাটেতো এই মজা নাই। সেই মজা নিতেই, গরুর লাথি-গুঁতো খেয়েও মানুষ হাটে যায়, কখনো কালাপাহাড়-ধলাপাহাড়, কখনো, নেইমার-মেসি, কখনোবা বাহুবলী-সুলতান কোরবানির হাট মাতায়। সেই সংস্কৃতির নতুন প্রতিনিধি ‘ডোনাল ট্রাম্প’—‘দ্য প্রেসিডেন্ট’।

মন্তব্য করুন

Logo