বনরক্ষীদের গুলিতে নিহত আমিনুর রহমান গাজী, ছবি: সংগৃহীত
মিলন বিশ্বাস
প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০০ এএম
সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বন বিভাগের স্মার্ট পেট্রোল দলের গুলিতে এক জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী বন বিভাগের কার্যালয়ে বিক্ষোভ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ বন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।
সোমবার সকালে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের শতামুখী খাল ও নলিয়ান স্টেশনসংলগ্ন বাটলো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান গাজী (৪৫) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে।
আমিনুরের সঙ্গে থাকা আহাম্মদ আলী, সেলিম ও রমজান জানান, তারা চারজন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে বৈধ অনুমতি নিয়ে গত ১৩ মে কাঁকড়া আহরণের জন্য সুন্দরবনে প্রবেশ করেন। ১৭ মে রাতে প্রবল বাতাসে তাদের নৌকাটি ভেসে সংরক্ষিত অভয়ারণ্য এলাকায় ঢুকে পড়ে। সোমবার সকাল ৭টার দিকে সেখান থেকে ফেরার সময় বন বিভাগের স্মার্ট পেট্রোল দলের সদস্যরা তাদের আটক করেন।
জেলেদের অভিযোগ, পেট্রোল দলের সদস্যরা তাদের নৌকা জব্দ করে গভীর জঙ্গলে ফেলে রেখে যেতে চেয়েছিলেন। এ সময় তারা নৌকা নিয়ে সরে যাওয়ার চেষ্টা করলে নলিয়ান স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোবারক গুলি চালান। এতে আমিনুর গুলিবিদ্ধ হন। পরে বন বিভাগের সদস্যরা কোনো চিকিৎসা বা উদ্ধার সহায়তা না দিয়েই ঘটনাস্থল ত্যাগ করেন বলেও অভিযোগ করেন তার সঙ্গীরা।
সহযাত্রীরা আমিনুরকে উদ্ধার করে ফিরিয়ে আনার চেষ্টা করলেও পথেই তিনি মারা যান।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিকেলে আমিনুরের মরদেহ নিয়ে স্থানীয় জেলে ও গ্রামবাসী বুড়িগোয়ালিনী বন বিভাগের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে বন বিভাগের পাঁচ কর্মকর্তা-কর্মচারী আহত হন।
আহতরা হলেন—ফরেস্টার শেখ মো. ফারুক আহমেদ, বনপ্রহরী মো. মেজবাউল ইসলাম, ফয়জুর রহমান, আজাদুল ইসলাম ও আউটসোর্সিং কর্মী একলাসুর রহমান। তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, বিকেলে হঠাৎ একদল লোক বন বিভাগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে প্রাণ বাঁচাতে তাকে পালিয়ে যেতে হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, গুলিবিদ্ধ হয়ে এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাশিউর রহমান বলেন, স্থানীয় গ্রামবাসী ও জেলেরা বন বিভাগের কার্যালয়ে হামলা চালিয়েছে। আহত কর্মীদের হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে পশ্চিম সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাসানুর রহমান বলেন, কে বা কারা গুলি করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, “বন বিভাগের গুলিতে একজন জেলের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। স্থানীয়রা মরদেহ নিয়ে প্রতিবাদ করেছে, তবে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন

