বড় বোনের বদলে কারাগারে ছোট বোন!
কাভার স্টোরি ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:৫১ পিএম
ঢাকার উত্তরা পূর্ব থানার একটি আলোচিত প্রতারণা মামলায় আত্মসমর্পণ করে জামিন চান দুই নারী আসামি—শারমিন আক্তার একা ও লাইলী শাহনাজ খুশি। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান। তবে দুদিন পর রিমান্ড শুনানিতে বাদীপক্ষ দাবি করে, আসামি শারমিন আক্তার একার বদলে তার ছোট বোন কারাগারে গেছেন।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে এ ঘটনা সামনে আসে। শুনানিকালে বাদীপক্ষ আদালতকে জানায়, কাঠগড়ায় থাকা নারী প্রকৃত আসামি নন। পরে আদালতের নির্দেশে ওই নারীর মুখ দেখানো হলে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ছবির সঙ্গে তার চেহারার মিল পাওয়া যায়নি।
এরপর আদালত তদন্ত কর্মকর্তাকে বিষয়টি যাচাই করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। ঘটনা প্রকাশ্যে আসার পর আসামিপক্ষের আইনজীবী রাজু আহম্মেদ রাজিব নিঃশর্ত ক্ষমা চেয়ে মামলা থেকে সরে দাঁড়ানোর আবেদন করেছেন।
তিনি আদালতে জানান, আসামিরা বোরকা-নেকাব পরিহিত থাকায় সরল বিশ্বাসে তাদের আদালতে হাজির করেছিলেন। পরে তিনি বুঝতে পারেন, তাকে প্রতারিত করা হয়েছে।
মামলাটি একটি কথিত প্রতারণা চক্রকে ঘিরে। ব্যবসায়ী আজিজুল আলমের অভিযোগ, ‘প্রাচীন পিলার’, ‘জ্বিন’, ‘কুফরি-কালাম’ ও অলৌকিক ক্ষমতার ভয় দেখিয়ে একটি চক্র তার কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা ও ১৪-১৬ কোটি টাকার জমি হাতিয়ে নিয়েছে। মামলায় ২৪ জনকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী আবু বকর সিদ্দিক বলেন, “আয়নাবাজির মতো ঘটনা ঘটেছে। একজনের হয়ে আরেকজন কারাগারে গেছে।”
তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই মাহবুবুল আলম বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনা স্পষ্ট হবে।
মন্তব্য করুন

