তিন প্রজন্ম
সামিনা লুৎফা, শিক্ষক
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮:১৬ পিএম
আমার মায়ের বাগান সব সময় তার সবচেয়ে প্রিয়। যখন ছোট ছিলাম, মাকে ছাড়া ঢাকায় থাকার কষ্ট
বুক ভরা অভিমান নিয়ে জিজ্ঞেস করতাম তোমার বাগান কি আমাদের চেয়ে প্রিয়? আম্মা হেসে হেসে গোলাপের বাডিং শিখাতো আমাকে।
তার বাগান তার সবচেয়ে প্রিয়। কিন্তু আমাদের চেয়ে তো নয়! পড়া লেখা নিয়ে তার সব কথা শুনেছি
আর বাকি সব নিয়ে তার চাওয়ার উল্টো করে গিয়েছি সারা জীবন। যেন একটা প্রতিযোগিতা তাকে অপ্রমান করার।
আম্মা, দেখো কী গাধা আমি! তুমি তো নিজেই তোমার যাপন দিয়ে- যাপনের সমস্তটা নিয়ে প্রমান হয়ে বসে আছো। আমিও যখন নিজের যাপনের দিকে তাকাই, দেখি - কী রকম ভাবে তোমার প্রায় সব চাওয়াগুলো সবখানে আমার চাওয়া হয়ে বসে আছে! কিন্তু কোনো প্রশ্ন, যেকোনো ডিলেমা - জীবন নিয়ে, যাপন নিয়ে, বিজ্ঞান নিয়ে, স্বাস্থ্য নিয়ে, বেদনা নিয়ে, ন্যায্যতা নিয়ে, দান-ধ্যান নিয়ে, সঞ্চয় নিয়ে মানি প্ল্যান্ট নিয়ে, রোস্টের মশলা কি কাটা মশলার মাংশের রেসিপি বা ঢাবি নিয়ে ডাকসু নিয়ে বা ফরাসী এক্টিভিস্টকে নিয়ে আমার সব প্রশ্ন নিয়ে আমি এখন কার কাছে যাই!হা হা হি হি করতে, বা নিদেন এমনি এমনি?
আর এখন যখন তোমার খাওয়ার টেবিলে বসে চা খাই বা অন্য কিছু - মনে হয় এখনই বের হয়ে আসবা তোমার ঘর থেকে বা বারান্দা থেকে - এসে বলবা যে সবাই সবকিছু কত অগোছালো করে রাখে!
"মা-কে দেখি প্রতিদিন -ধ্যানী প্রদক্ষিণে" - কবিতাটা প্রতিদিন সকালে মনে হয়!
বাসায় সকাল সকাল যখন বকা বকি করি যে - সবাই সব কিছু কত অগোছালো করে রাখে! আম্মার বাগানে গত চল্লিশ দিনের যখনি যাই দেখি একটা সাদা প্রজাপতি উড়তে উড়তে হলুদ ফুলে বসতে যায় কিন্তু বসে না।ভেসে যাওয়া চোখ মুছে তাকিয়ে দেখি প্রজাপতিটাই হলুদ। গোলাপি-হলুদ-সাদা সবুজ ফুল-ঘাসের গা ছুয়ে ছুয়ে নেচে বেড়ায় একটা ছোট হলুদ প্রজাপতি - নাকি প্রজাপতিটা সাদা? ঝাপসা চোখে ঠাহর পাইনা, মা!
প্রজাপতি কি প্রশ্নের উত্তর দিতে পারে, মা, তোমার নতুন বাগানে?
মন্তব্য করুন

