রুমানা আহমেদ ও মা
রুমানা আহমেদ, ক্রিকেটার
প্রকাশ: ১০ মে ২০২৬, ১২:১১ পিএম
মা তো মা-ই! মাকে নিয়ে আসলে বলে শেষ করা যায় না। আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আমার মা। ক্রিকেটার হয়ে ওঠার পেছনে শুরুতে হয়তো মায়ের সরাসরি সমর্থন ছিল না। মা একটু ধর্মীয় মনোভাবাপন্ন মানুষ ছিলেন, তাই ক্রিকেট খেলাকে প্রথমদিকে সেভাবে উৎসাহ দিতেন না। কিন্তু একজন মানুষ হিসেবে, একজন মেয়ে হিসেবে আমার জীবনে মায়ের অবদানই সবচেয়ে বেশি। মা-ই আমার জীবনের সবচেয়ে বড় আদর্শ।
একসময় মা যখন ক্রিকেটের প্রতি আমার একাগ্রতা ও ভালোবাসা দেখলেন, তখন তিনিই আমাকে সমর্থন করতে শুরু করেন। সবচেয়ে বড় বিষয় হলো, আমি যখন দল থেকে বাদ পড়েছি, কঠিন সময়ের মুখোমুখি হয়েছি, তখন মা যেভাবে আমাকে সাহস দিয়েছেন, অনুপ্রাণিত করেছেন— মনে হয় কোনো ক্রিকেট ব্যক্তিত্বও আমাকে সেভাবে বুঝতে পারেননি। আমার জীবনের অন্যতম বড় অনুপ্রেরণা আমার মা। আমি সবসময় তার আদর্শ অনুসরণ করার চেষ্টা করি।
আমার বাড়ি খুলনা। বাইরে থেকে যখন বাসায় ফিরি, তখন মায়ের হাতের রান্না ছাড়া অন্য কোনো খাবারই ভালো লাগে না। মায়ের হাতের সব রান্নাই আমার ভীষণ প্রিয়।
মা দিবসে পৃথিবীর সব মায়ের প্রতি আমার গভীর ভালোবাসা ও শ্রদ্ধা রইল। তবে আমার মনে হয়, মাকে ভালোবাসার জন্য একটি দিন যথেষ্ট নয়। এটি শুধু নির্দিষ্ট কোনো দিবস পালনের বিষয়ও নয়। প্রতিটি সন্তানেরই উচিত সারা বছরজুড়েই মা দিবস পালন করা।
রুমানা আহমেদ, ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল
মন্তব্য করুন

