ঢাকা বিশ্ববিদ্যালয়-এর থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় ‘লাইলী মজনু’
কাভার স্টোরি ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০১:১৩ এএম
রাজধানীতে আজ সোমবার ও আগামী কয়েকদিনে অনুষ্ঠিত হচ্ছে নানা সাংস্কৃতিক ও সাহিত্য আয়োজন।
মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে বজলুর রহমান স্মৃতিপদক প্রদান অনুষ্ঠান। মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হবে।
বাংলা একাডেমি প্রাঙ্গণে আজ বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে এহসান মাহমুদের ‘আদিবাসী প্রেমিকার মুখ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। অনুষ্ঠানের আয়োজন করেছে ঐতিহ্য।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় মঞ্চে আসছে সুফি সাহিত্যের চিরায়ত প্রণয়োপাখ্যান ‘লাইলী মজনু’। আগামী ১৮ থেকে ২১ মে প্রতিদিন সন্ধ্যা ৭টায় এবং ২২ মে বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাবি নাটমণ্ডল মিলনায়তন-এ নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দৌলত উজির বাহরাম খান রচিত এ প্রযোজনার নাট্যরূপ ও মঞ্চনির্দেশনা দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান। এতে অভিনয় করছেন বিভাগের স্নাতক ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরা।
এ ছাড়া আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-এ শুরু হচ্ছে ‘পোড়ামাটির রূপবৈচিত্র্য’ শীর্ষক প্রদর্শনী। ১৮ থেকে ২২ মে পর্যন্ত চলবে এ আয়োজন। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।
মন্তব্য করুন

